বিনোদন

‘হেরা ফেরি ৩’ ঘিরে আইনি জটিলতা

 

বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’ ফের বিতর্কে। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠিকে নিয়ে নির্মাণাধীন তৃতীয় কিস্তি ‘হেরা ফেরি ৩’ এবার পড়েছে আইনি জটিলতায়। সিনেমাটির স্বত্ব নিয়েই শুরু হয়েছে এই টানাপোড়েন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে প্রযোজনা সংস্থা ‘সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড’। সংস্থার পক্ষ থেকে দক্ষিণী প্রযোজক জিপি বিজয়কুমার দাবি করেছেন, ‘হেরা ফেরি’ সিনেমার স্বত্ব ২০২২ সালেই প্রযোজক রামোজি রাও স্পিকিংয়ের কাছ থেকে তিনি কিনে নিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, এ সিনেমার স্বত্ব কোনোভাবেই ফিরোজ নাদিয়াদওয়ালার নয়।

জিপি বিজয়কুমারের দাবি, ফিরোজ নাদিয়াদওয়ালা শুধুমাত্র একটি সিক্যুয়েল নির্মাণের অধিকার পেয়েছিলেন, যা ২০০৬ সালে মুক্তি পায়। এরপর ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির কোনো নতুন সিক্যুয়েল বা প্রিক্যুয়েল বানানোর অধিকার তার নেই। সে ক্ষেত্রে তিনি কীভাবে ‘হেরা ফেরি ৩’র স্বত্ব বিক্রি করলেন, সেই প্রশ্ন তুলেছেন বিজয়কুমার।

উল্লেখ্য, এর আগেই ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে ‘হেরা ফেরি ৩’র স্বত্ব কিনেছিলেন অক্ষয় কুমার। অক্ষয়ের প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ হওয়ার পরই এই বিষয়টি সামনে আসে। অন্যদিকে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার দাবি, সমস্ত নিয়মকানুন মেনেই তারা ফিরোজের কাছ থেকে সিনেমার স্বত্ব কিনেছে।

তবে ‘সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড’র প্রশ্ন, যার কাছে স্বত্ব বিক্রি করার কোনও আইনগত অধিকারই নেই, সে কীভাবে সেই স্বত্ব বিক্রি করতে পারে? যেহেতু অক্ষয়ের প্রযোজনা সংস্থা ফিরোজের কাছ থেকেই এই স্বত্ব কিনেছে, তাই এই আইনি জটিলতায় ফিরোজের পাশাপাশি অক্ষয় কুমারও জড়িয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:শাহরুখকে নিয়ে ‘ম্যায় হুঁ না ২’ নির্মাণের গুঞ্জন হাত-পা কেটে গেলেও নাচ থামাননি ক্যাটরিনা কাইফ

এই পরিস্থিতিতে আপাতত ‘হেরা ফেরি ৩’র শুটিং বন্ধ রাখা হয়েছে। আইনি জটিলতার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিনেমাটির ভবিষ্যৎ অনিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে।

এমএমএফ