জাতীয়

মুসলিম বিশ্বের শিক্ষা-বিজ্ঞানে পশ্চাৎপদতা কাটাতে আরও বিনিয়োগ প্রয়োজন

মুসলিম বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিখাতে পশ্চাৎপদতা কাটিয়ে উঠতে আরও বেশি বিনিয়োগের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, বিপুল মানবসম্পদ ও সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য থাকা সত্ত্বেও এসব খাতে পিছিয়ে থাকাই মুসলিম বিশ্বের অন্যতম বড় দুর্বলতা।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ও সিকো ইউনিভার্সিটিজ নেটওয়ার্কের (সান) মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের জীবনে বাস্তব ও অর্থবহ পরিবর্তন আনতে হলে শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার এবং বিজ্ঞান ও প্রযুক্তিখাতে পরিকল্পিত বিনিয়োগ অপরিহার্য।

সমঝোতা স্মারকটিকে সময়োপযোগী উদ্যোগ উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আইইউটি ও সানের মধ্যে এ সহযোগিতার মাধ্যমে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা আদান-প্রদান জোরদার হবে।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিকো ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান ও সান-এর সদস্য সালাহউদ্দিন কাসেম খান।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেপিআই/এমকেআর/জেআইএম