রাজনীতি

প্রশাসন একদিকে হেলে পড়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: ইসিকে জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, নির্বাচনের পরিবেশ বর্তমানে একপেশে হয়ে পড়েছে এবং প্রশাসন একটি দল বা বিশেষ গোষ্ঠীর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। এসময় তিনি এসব অভিযোগের বিষয় জানান।

অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, পটুয়াখালীর বাউফলে জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি এলাকায় পুলিশ চরম পক্ষপাতিত্ব করছে। বাউফলের ওসি চূড়ান্তভাবে একপেশে আচরণ করছেন। তিনি বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতের অফিস রেইড করছেন। এই ওসি বহাল থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই অবিলম্বে বাউফলের ওসির প্রত্যাহার দাবি করেছি।

তিনি বলেন, ঢাকা-১৫ আসনে (যেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন) এবং পাবনায় নিয়মিত সন্ত্রাসী হামলা ও অফিস ভাঙচুর হচ্ছে। পাবনায় জেলা আমিরের ওপর হামলা এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সেখানে নারী কর্মীদের ওপরও হামলা চালানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইউএনওরা এসব দেখেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

আরও পড়ুনবাংলাদেশের নির্বাচনই বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণ: এএফপি ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি এই দোয়া করবেন: মির্জা আব্বাস 

নির্বাচনি প্রচারণায় নারী কর্মীদের ওপর শারীরিক নির্যাতন ও হেনস্তার অভিযোগ এনে জামায়াত নেতারা বলেন, বাউফল, পাবনা ও ঢাকাসহ বিভিন্ন স্থানে নারী ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া জামায়াতের পক্ষ থেকে লক্ষাধিক বোরকা বানানো হচ্ছে, এমন প্রচারণাকে ‘কাল্পনিক নাটক’ হিসেবে অভিহিত করেন অ্যাডভোকেট জুবায়ের। তিনি বলেন, নারীদের মধ্যে সংশয় তৈরি করতে এবং তাদের নির্বাচনবিমুখ করতেই এমন উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো হচ্ছে। যেখানে অর্ধেক ভোটার নারী, সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা কমিশনের বড় দায়িত্ব।

১১টি নারী সংগঠনের পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে অ্যাডভোকেট জুবায়ের বলেন, জামায়াত ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মানের চোখে দেখে। জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। আমরা সেটি উদ্ধার করেছি এবং তদন্তে দেখা গেছে, বঙ্গভবনের এক কর্মকর্তার ইমেইল থেকে ভাইরাস ছড়িয়ে এটি করা হয়েছে। ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতারও করেছে। এটি মূলত জামায়াতের নারী সমর্থকদের জোয়ার দেখে একটি মহলের চক্রান্ত।

ইসির সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, বৈঠকে জামায়াতের পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা, কেন্দ্রীয় নেতাদের চলাচলের জন্য গাড়ি ও পাস ইস্যু এবং সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছি। এছাড়া বিভিন্ন অনিয়মের বিষয়ে আমরা কূটনীতিকদেরও জানাচ্ছি।

এমওএস/কেএসআর