বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয়। তিনি নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন মুহূর্ত ইনস্টাগ্রামে ব্লগের মাধ্যমে শেয়ার করে নেন। এবার সেই ব্লগে ভোরে কাজ শুরু করা ও কঠোর পরিশ্রমের অভিজ্ঞতা নিয়ে অকপটভাবে লেখেন বিগ বি।
অমিতাভ লিখেছেন, স্বাভাবিক সময়ের তুলনায় এখন ভোরেই কাজ শুরু করতে হয়। কারণ হিসেবে উল্লেখ করেছেন একাধিক কাজ ও মিটিং। ব্লগে তিনি জানান,“এই ব্লগটি খুব তাড়াতাড়ি লিখছি। কারণ আমার কিছু মিটিং ছিল ভোরেই। সময়টা ঠিক করার কারণ এটাই।”
নিজের দীর্ঘ কর্মজীবনের কথা মনে করে বিগ বি বলেছেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। তিনি লেখেন,“কঠোর পরিশ্রম ধীরে ধীরে ফল পাচ্ছে। আশা করি আমি কাজের সময় ব্যস্ত থাকতে পারব। এটা গুরুত্বপূর্ণ। কাজ না থাকাটা একটা ভয়ঙ্কর অনুভূতি-তাই কাজ চালিয়ে যেতে হবে।”
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম সিজন হোস্ট করার অভিজ্ঞতা স্মরণ করে তিনি লিখেছেন,“কখনো কখনো আমরা কোনো মুহূর্ত এত গভীরভাবে উপভোগ করি যে শেষ পর্যায়ে এসে মনে হয় সবকিছু এই মাত্র শুরু হয়েছিল। এত দ্রুত শেষ হয়ে গেল! মনে হচ্ছে যেন সবকিছু গতকালই ঘটেছে। আমি এই শোর শেষ দিনে দাঁড়িয়ে আছি। আমার জীবনের প্রায় এক-তৃতীয়াংশ সময় এই শোকে দিয়েছি। এর জন্য আমি কৃতজ্ঞ।”
এর আগে অমিতাভ জানিয়েছিলেন, ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত কাজ করতেন। সেই সময় তিনি ভুলে গিয়েছিলেন যে একটি গুরুত্বপূর্ণ ব্লগ লেখা বাকি আছে। তবে তিনি বলেন,“ক্ষমাপ্রার্থী এবং অনুশোচনা আছে, কিন্তু কাজের জন্য কোনো অনুশোচনা নেই।”
আরও পড়ুন:আমিরের সিনেমায় ফিরছেন অরিজিৎ, ‘এক দিন’ ঘিরে চমকসামান্য পারিশ্রমিকে বিয়েবাড়িতে গাওয়া শিল্পী এখন কোটি টাকার মালিক
চলচ্চিত্রে অমিতাভকে সর্বশেষ দেখা গেছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতে। এতে প্রভাস, দীপিকা পাড়ুকোন ও কমল হাসানের সঙ্গে অভিনয় করেছেন বিগ বি। সূত্রের খবর, তিনি নতুন ছবিতে ‘সেকশন ৮৪’-এ দেখা দেবেন। তবে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
এমএমএফ/এএসএম