বিনোদন

তৌসিফ মাহবুব কাকে ভোট দেবেন

এ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব অল্প সময়েই দর্শকদের মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। নাটকে স্বতঃস্ফূর্ত অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র ও উপস্থাপনাতেও নিয়মিত দেখা যায় তাকে। বছরজুড়েই ব্যস্ত সময় কাটালেও নাগরিক দায়িত্ব পালনে সচেতন এই অভিনেতা।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট দেওয়া প্রসঙ্গে তৌসিফ মাহবুবও মুখ খুলেছেন। অনেক তারকাই নানাভাবে প্রকাশ করছেন তার পছন্দের দল ও রাজনৈতিক অবস্থানের কথা। কেউ কেউ নানা প্রতীক ও প্রার্থীর প্রচারণাতেও আছেন সরব।আরও পড়ুনআবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূরস্ত্রী মৌসুমী ছিলেন নৌকার প্রার্থী, ওমর সানি ধানের শীষে

তবে তৌসিফ তেমনটা নন। তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত। তবে জানিয়েছেন তার ভোট দেয়ার ইচ্ছে ও প্রত্যাশার কথা। সেখানে তিনি কোনো প্রতীক ও প্রার্থীর নাম নেননি। কেবল পরিবর্তন চান সেই প্রত্যাশার কথা বলেছেন।ভোট দেয়া প্রসঙ্গে তৌসিফ মাহবুব গণমাধ্যমে বলেন, ‘আমি দেশের একজন সচেতন নাগরিক। ভোট দেওয়া নাগরিক অধিকার। এই অধিকার প্রয়োগ করতে আমি ভোটকেন্দ্রে যাব। কারণ আমরা পরিবর্তন চাই, আর পরিবর্তন হয় অংশগ্রহণের মাধ্যমে। ভোটে অংশ নিয়েই পরিবর্তনের আপাতত শুরু হোক।’

ব্যক্তিজীবন ও কাজের বাইরে সামাজিক সচেতনতা নিয়েও নিয়মিত কথা বলেন তৌসিফ মাহবুব। অভিনয়ের মাধ্যমে হোক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে-সবসময়ই তিনি তার অনুরাগীদের সচেতন করার চেষ্টা করেন।

সেই ধারাবাহিকতায় তাকে ‘লাভ এন্ড নির্বাচন’ শিরোনামের একটি নাটকেও অভিনয় করতে দেখা যায়। সেখানে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের জীবনকেন্দ্রিক গল্প উঠে আসে। নাটকটিতে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেন তাসনিয়া ফারিণ। এটি পরিচালনা করেন রাফাত মজুমদার রিংকু।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। আসন্ন ভালোবাসা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে তার একাধিক নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে, যেগুলোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ঈদের আরও কিছু কাজ বাকি রয়েছে। এরপর শুরু হবে ঈদুল আজহাকে কেন্দ্র করে নতুন কাজের ব্যস্ততা। পাশাপাশি বিজ্ঞাপনসহ নানা প্রকল্পেও তাকে দেখা যাবে বলে জানান তৌসিফ মাহবুব।

 

এমআই/এলআইএ