স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ দিন দিন আরও সুদৃঢ় ও দৃশ্যমান হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ২০২৬ সালের স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা ও লোথিয়ান অঞ্চল থেকে আলবা পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আবু মিরন।
গত ৭ ফেব্রুয়ারি ডান্ডির ‘দ্য ভাইন ভেন্যু’-তে আয়োজিত এক অনুষ্ঠানে আলবা পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় এডিনবরা ও লোথিয়ান অঞ্চল থেকে আবু মিরনের নাম অন্তর্ভুক্ত করা হয়।
এডিনবরার দীর্ঘদিনের বাসিন্দা আবু মিরন একজন পরিচিত কমিউনিটি নেতা ও সক্রিয় রাজনীতিক। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী তিনি দেশ ও বিদেশে উচ্চশিক্ষা সম্পন্ন করে গত দুই দশকেরও বেশি সময় ধরে স্কটল্যান্ডে বসবাস করছেন।তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা আবু মিরন ২০১২ সালে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)-র মাধ্যমে মূলধারার রাজনীতিতে যুক্ত হন।
স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের রাজনৈতিক সম্পৃক্ততা বাড়াতে তিনি এসএনপি বাংলাদেশ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি এডিনবরায় প্রথম বাংলাদেশি হিসেবে কমিউনিটি কাউন্সিল নির্বাচনে জয়লাভ করে ইতিহাস গড়েন। পরে অ্যালেক্স স্যালমন্ডের নেতৃত্বে গঠিত আলবা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি দলে যোগ দেন। বর্তমানে তিনি আলবা পার্টির এডিনবরা অর্গানাইজিং সেক্রেটারি এবং দলটির জাতীয় নির্বাহী কমিটির ডিসিপ্লিনারি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২২ সালের এডিনবরা সিটি কাউন্সিল নির্বাচনে আলবা পার্টির প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি দলের সব প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট অর্জন করেন, যা তাকে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় নিয়ে আসে। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন দাতব্য সংগঠনের সঙ্গে যুক্ত এবং কমিউনিটিতে একজন মানবিক ও নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত।
আবু মিরনের জন্ম কিশোরগঞ্জ জেলার গাইটাল বাগানবাড়ি গ্রামে। তিনি কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষার প্রতি গভীর অনুরাগ থেকে ভারতের পুনে বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার কনসেপ্টসে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।
এরপর যুক্তরাজ্যে এসে লন্ডনে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের মিসৌরির লন্ডন সেন্টার অব ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়ে প্রিলিমিনারি ডিগ্রি (এলএলবি প্রিলি) সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে তিনি স্থায়ীভাবে এডিনবরায় বসবাস শুরু করেন এবং গত দুই দশকেরও বেশি সময় ধরে সেখানেই অবস্থান করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে আবু মিরনের মনোনয়ন স্কটল্যান্ডের রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে।
এমআরএম/এএসএম