ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনি কেন্দ্রে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার আব্দুর রহিমসহ কয়েকজন সাংবাদিক এ ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের পরিবেশ ও ভোটগ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয় এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
ঘটনার বর্ণনায় আব্দুর রহিম বলেন, দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রের ওপরের তলায় যেতে চাইলে সেখানে অবস্থানরত কয়েকজন নারী তাকে বাধা দেন। এ সময় হাসান নামের এক পুলিশ সদস্য পেছন থেকে এসে তাকে টেনে ধরেন। পরে আরও দুজন নারী এসে তাকে আটকান।
সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ সদস্য জানান, সাংবাদিকদের ওপরের তলায় যাওয়ার অনুমতি নেই। এরপর তাকে জোরপূর্বক নিচে নামানোর চেষ্টা করা হয়। এ সময় মহিলা দলের এক নেত্রীও তাকে ধাক্কা দেন বলে অভিযোগ করেন তিনি।
আব্দুর রহিম আরও বলেন, ‘তারা যেভাবে আমাকে টেনে-হিঁচড়ে আটকানোর চেষ্টা করেছে, তা অত্যন্ত অপমানজনক ও অনভিপ্রেত।’
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মির্জা আব্বাস। ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে।
তিনি বলেন, ‘এ মুহূর্তে অনিয়মের মতো কোনো পরিস্থিতি চোখে পড়ছে না। তবে ভোটে কোনো ধরনের কারচুপি হলে তা মেনে নেওয়া হবে না।’
ইএআর/এমএমএআর