দেশজুড়ে

নারী ভোটারদের দীর্ঘ লাইন, চার ঘণ্টায় ২৮ শতাংশ ভোট পড়েছে

সারা দেশের মত মৌলভীবাজারেও চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই জেলার ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

সরেজমিনে মৌলভীবাজার জেলার, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার চা বাগান এলাকার ভোটকেন্দ্রগুলো ঘুরে অনেক কেন্দ্রেই বিশেষত নারী ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন না থাকলেও ভোটারদের আসা-যাওয়া দেখা গেছে।

গ্রাম-গঞ্জের ভোটকেন্দ্রগুলোর তুলনায় চা বাগানের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেশি।

কুলাউড়া উপজেলার চাতলাপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মোট ভোটার ২৫৮৩ জন। দুপুর ১২ টা পর্যন্ত এই কেন্দ্রে ৮০০ ভোট পড়েছে।

চাতলাপুর বাগানের ভোটার ভোলাতন রবিদাস জাগো নিউজকে বলেন, আমাদের এখানে সকাল থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। কোনো ধরনের সমস্যা ছাড়াই ভোট হচ্ছে।

শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা আব্দুল মালেক বলেন, এখানে দীর্ঘ লাইন নেই, তবে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. রাজিব মিয়া জানান, এই কেন্দ্রে মোট ভোটার ১৪৫১ জন, দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে।

প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলার ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৭৬ জন। দুপুর ১২ টা পর্যন্ত পুরো জেলার ২৮ দশমিক ৭৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

এম ইসলাম/ওএফএফ