দেশজুড়ে

অ্যাপে থাকলেও লিস্টে নাম নেই, ভোট দিতে পারলেন না মনোয়ারা

ফরিদপুর-৩ আসনে (সদর) মনোয়ারা বেগম নামে এক নারী ভোটার তালিকার তথ্য হালনাগাদের কারণে ভোট দিতে পারলেন না। ভোটকেন্দ্রের কক্ষে ঢুকেও ভোট না দিয়ে বাড়িতে ফিরে যেতে হয়েছে তাকে। পরে তার ভোটার স্লিপের পেছনে লিখে দেওয়া হয়েছে, ‘অ্যাপে আছে, লিস্টে (পিডিএফ) নেই।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ফরিদপুর-৩ আসনের শহরের হালিমা গার্লস স্কুলের মহিলা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ফরিদপুর শহরের কমলাপুর এলাকার বাসিন্দা। তার ভোটার তালিকার ক্রমিক নম্বর ৭৮৮।

মনোয়ারা বেগম বলেন, আমি তো এখানে আগে কয়েকবার ভোট দিয়েছি। আমাকে বলা হয়েছে, অন্য কোথাও আমার ভোটার তালিকা কর্তন করে নেওয়া হয়েছে। কিন্তু আমি নিজেও জানি না কীভাবে হলো। কখনো অন্য কোথাও পরিবর্তন করে নেওয়ার জন্য আবেদন করিনি। ভোট দিতে এসেও ভোট দিতে না পেরে এখন ফিরে যাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুলাহ আল ইমরান বলেন, ওই নারীর ভোটার তালিকায় নাম নেই এবং ক্রমিক নম্বরের স্থানে ‘কর্তন করা হয়েছে’ লেখা। তালিকায় নাম না থাকলে ভোট দিতে পারবেন না। এন কে বি নয়ন/কেএসকে