দেশের বিভিন্ন স্থানে এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল বারবার এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটাচ্ছে। তবে সাধারণ মানুষ বেশি করে ভোটকেন্দ্রে উপস্থিত হলে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তারেক রহমান।
সারাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনো সারাদেশের সার্বিক খবর পাইনি, মাত্র অফিসে এসেছি। ভোটের পাঁচ ঘণ্টা পেরোলেও এতক্ষণ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর কারণে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেননি।
তারেক রহমান বলেন, ‘আমি মোবাইলের মাধ্যমে আপনাদের পাঠানো খবর দেখছিলাম। সেখানে জানতে পারলাম বিভিন্ন স্থানে এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। একটি রাজনৈতিক দল বারবার এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমরা চাই না, যে এসব ঘটনা ঘটুক।
তিনি বলেন, ‘আমরা মনে করি, সাধারণ মানুষ যদি ভোট দিতে বেরিয়ে আসে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে ভোটের সংখ্যা বাড়ায়, তবে সব দলের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।’
কেএইচ/এমএএইচ/