কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। বৃহস্পতিবার ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানোতে শিরোপাধারী বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে দিয়েগো সিমিওনের দল।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় অ্যাতলেতিকো। সপ্তম মিনিটে বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়ার ভুল পাস থেকে আত্মঘাতী গোল হয়। অসমান পিচে বল বাউন্স করে গোলরক্ষক জোয়ান গার্সিয়ার পায়ের নিচ দিয়ে জালে জড়িয়ে যায়।
এরপর একের পর এক আক্রমণে বার্সার রক্ষণভাগকে চাপে রাখে স্বাগতিকরা। ১৪ মিনিটে সাবেক বার্সা তারকা আঁতোয়া গ্রিজম্যান দুর্দান্ত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন।
বার্সেলোনার ফারমিন লোপেজ একবার ক্রসবারে বল মারেন, আর জুলিয়ান আলভারেজের শট গোললাইন থেকে ক্লিয়ার করেন জুল কুন্দে। ৩৩ মিনিটে লুকম্যান দারুণ টিম মুভ থেকে তৃতীয় গোলটি করেন।
প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যাতলেতিকোর চতুর্থ গোলটি আসে জুলিয়ান আলভারেজের পা থেকে। টানা ১১ ম্যাচ গোলশূন্য থাকার পর অবশেষে খরা কাটান আর্জেন্টাইন তারকা।
দ্বিতীয়ার্ধে বার্সা কিছুটা লড়াইয়ের চেষ্টা করে। পাউ কুবাসির করা একটি গোল দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল হয়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। ম্যাচের শেষদিকে এরিক গার্সিয়া আলেক্স বায়েনাকে ফাউল করে লাল কার্ড দেখেন, ফলে ১০ জনে পরিণত হয় বার্সা।
গোলরক্ষক হুয়ান মুসো গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে ক্লিনশিট নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।
আগামী ৩ মার্চ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ। রেকর্ড ৩২ বারের কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনার সামনে এখন কঠিন চ্যালেঞ্জ, ঘুরে দাঁড়িয়ে ফাইনালে ওঠা।
এমএমআর/এএসএম