রাজনীতি

নির্বাচনের ‘ফলাফল প্রক্রিয়া’ নিয়ে অসন্তোষ, ধৈর্য ধরার আহ্বান জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যক ভোটার অংশ নেওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দলটি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অসন্তোষ প্রকাশ করা হয়।

দলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, দিনভর ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে অংশ নেওয়ার জন্য নাগরিকদের প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা জানায়।

তবে ফলাফল সংশ্লিষ্ট প্রক্রিয়া নিয়ে ‘সন্তুষ্ট নয়’ বলেও জানানো হয় পোস্টে। এতে অভিযোগ করা হয়, বিভিন্ন আসনে ১১ দলীয় জোটের প্রার্থীরা অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হয়েছেন। পাশাপাশি বেসরকারি ফলাফল ঘোষণায় বারবার অসঙ্গতি ও গরমিল, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার উপস্থিতির হার প্রকাশে অনীহা এবং প্রশাসনের একটি অংশ বড় একটি দলের পক্ষে ঝুঁকে পড়ার ইঙ্গিত—এসব বিষয় ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে বলে দাবি করা হয়।

এ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে জামায়াত। ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।আরএএস/এমকেআর