তথ্যপ্রযুক্তি

এখন ব্রাউজার থেকেই করা যাবে হোয়াটসঅ্যাপ ভিডিও কল

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক গুরুত্বপূর্ণ আপডেট আসছে। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার ওয়েব সংস্করণে সরাসরি ভয়েস ও ভিডিও কল সুবিধা চালু করার কাজ শুরু করেছে যা ব্যবহারকারীরা বহুদিন ধরে প্রত্যাশা করছিলেন। প্রযুক্তি বিষয়ক সাইট ওয়েবিটাইনফো জানিয়েছে, ফিচারটি আপাতত সীমিত সংখ্যক বিটা ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে।

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের কলিং সুবিধা কেবল মোবাইল অ্যাপ বা ডেস্কটপ সফটওয়্যারে সীমাবদ্ধ ছিল। নতুন আপডেট কার্যকর হলে ব্যবহারকারীরা সরাসরি ব্রাউজার থেকেই কল করতে পারবেন অতিরিক্ত কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে না। বর্তমানে এটি শুধু এক-টু-এক চ্যাটে কাজ করছে, তবে গ্রুপ কলিং ফিচার এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মূল কোম্পানি মেটা প্রায় এক বছর ধরে ওয়েব কলিং ফিচারটি উন্নত করার কাজ করছে, যাতে ডেস্কটপ অ্যাপের মতোই সহজ ও মসৃণ অভিজ্ঞতা পাওয়া যায়। যেসব ব্যবহারকারী আপডেটটি পেয়েছেন, তারা ব্যক্তিগত চ্যাট খুলে কল আইকনে ক্লিক করলেই ভয়েস বা ভিডিও কল শুরু করতে পারছেন।

নিরাপত্তার দিক থেকেও ফিচারটি আগের মতোই সুরক্ষিত থাকবে। ওয়েব কলগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে এবং এতে সিগনালের এনক্রিপশন প্রোটোকল ব্যবহার করা হবে। ফলে ব্যবহারকারীর কলের তথ্য মেটা বা অন্য কোনো তৃতীয় পক্ষ দেখতে পারবে না।

ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করার সুবিধাও যুক্ত করা হচ্ছে, যা অনলাইন মিটিং, সমস্যা সমাধান বা টিমওয়ার্কের জন্য কার্যকর হবে। এর ফলে ওয়েব সংস্করণটি শুধু চ্যাটিং টুল নয়, বরং পূর্ণাঙ্গ যোগাযোগ প্ল্যাটফর্মে পরিণত হওয়ার পথে এগোচ্ছে।

এখনো এই ফিচার সীমিত ব্যবহারকারীর জন্য থাকলেও ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সবার জন্য উন্মুক্ত হবে। ভবিষ্যতে ওয়েব সংস্করণে ৩২ জন পর্যন্ত গ্রুপ কল, কল লিঙ্ক তৈরি এবং নির্ধারিত কলের সুবিধাও যুক্ত হতে পারে।

এদিকে আরেকটি নতুন ফিচার নিয়েও কাজ চলছে ‘ক্লোজ ফ্রেন্ডস’ স্ট্যাটাস শেয়ারিং। তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে এটি পরীক্ষাধীন রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ইনস্টাগ্রামের ক্লোজ ফ্রেন্ডস অপশনের মতো কাজ করবে, যেখানে ব্যবহারকারী নির্দিষ্ট কিছু পরিচিতিকে বেছে নিয়ে তাদের সঙ্গে আলাদা আপডেট শেয়ার করতে পারবেন। আরও পড়ুনঅন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?হোয়াটসঅ্যাপ কল, চ্যাট ও এআই অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে