২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়ে অনুরাগীদের উদ্বিঘ্ন করেছিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। কঠিন সেই সময়টায় নিজেকে শক্ত রেখে লড়াই চালিয়ে গেছেন তিনি। পাশে ছিলেন পরিবারের সদস্যরা, আর সবসময়ই তার সুস্থতা কামনায় প্রার্থনায় ছিলেন তার অনুরাগীরা।
অসুস্থতার মাঝেই দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেন হিনা। জীবনযুদ্ধের সেই অধ্যায় পেরিয়ে এবার নতুন এক জল্পনায় সরব নেটপাড়া- অভিনেত্রী কি অন্তঃসত্ত্বা?
সম্প্রতি এ জনপ্রিয় অভিনেত্রী ‘পতি পত্নী অউর পঙ্গা’ অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন হিনা ও রকি। সেখানেই নাকি ইঙ্গিত মেলে নতুন অতিথি আগমনের। অনুষ্ঠানের সঞ্চালক মুনব্বর ফারুকী আচমকাই সন্তান সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দিতে শুরু করেন হিনাকে। সেই দৃশ্য দেখেই অনুরাগীদের একাংশের অনুমান-মা হতে যাচ্ছেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে হিনা বা রকির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
জল্পনায় আরও ঘি ঢেলেছে হিনার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায়র পোস্ট। রোববার সন্ধ্যায় শেয়ার করা কয়েকটি ছবিতে সালোয়ার কামিজ পরা হিনাকে দেখা যায়। অনুরাগীদের দাবি, ওড়না দিয়ে তিনি নাকি বেবি বাম্প আড়াল করার চেষ্টা করেছেন। যদিও বিষয়টি নিছকই গুঞ্জন-এমনটাই মনে করছেন অনেকেই।
উল্লেখ্য, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা একাধিকবার ভাগ করে নিয়েছেন হিনা। হাসপাতাল থেকে তিনি লিখেছিলেন, “খুব কষ্ট সহ্য করতে হচ্ছে। প্রতিটা সেকেন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। তবু আমি বলছি, ভাল আছি।”
প্রথমবার ক্যানসারের খবর জানার পর মানসিক অবস্থার কথাও খোলাখুলি জানিয়েছিলেন অভিনেত্রী। তার কথায়, “আমরা বিষয়টাকে যতটা সহজ দেখাই, অতটাও সহজ নয়। যখন প্রথম ক্যানসারের কথা জানতে পারি, নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করেছিলাম। ভেঙে পড়িনি। বরং নিজের প্রিয় খাবার অর্ডার করেছিলাম। ফালুদা খেতে আমি খুব ভালবাসি। সেটাই খেয়েছিলাম।”
আরও পড়ুন:গুঞ্জন থামিয়ে স্পষ্ট বার্তা দিলেন রণবীর কাপুর ভারতজুড়ে বিতর্কের ঝড়, এ আর রহমানের বিরুদ্ধে চুরির মামলা
এখন দেখার বিষয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কবে আনুষ্ঠানিক ঘোষণা দেন হিনা। আপাতত ভক্তদের একটাই কামনা-অভিনেত্রী যেন সুস্থ থাকেন, আর জীবনের নতুন অধ্যায়ও হোক সুখের।
এমএমএফ