আন্তর্জাতিক

নাভালনিকে ‘ডার্ট ফ্রগ’ বিষ দিয়ে হত্যার অভিযোগ অস্বীকার ক্রেমলিনের

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে ‘পয়জন ডার্ট ফ্রগ’-এর বিষ দিয়ে হত্যা করা হয়েছে। ইউরোপের পাঁচ দেশের এমন অভিযোগ সরাসরি নাকচ করলো ক্রেমলিন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) মস্কো জানায়, এ অভিযোগের কোনো ভিত্তি নেই।

রাশিয়ার প্রেসিডেন্ট–এর অন্যতম প্রধান সমালোচক অ্যালেক্সেই নাভালনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আর্কটিক অঞ্চলের একটি দূরবর্তী কারাগারে ৪৭ বছর বয়সে মারা যান। তার মৃত্যুর এক মাস পরই পুনর্নির্বাচিত হন পুতিন। পশ্চিমা দেশগুলো সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মনে করেনি।

শনিবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডস দাবি করে, নাভালনির দেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় ‘এপিবাটিডিন’ নামের এক ধরনের বিষাক্ত উপাদানের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এই বিষ সাধারণত দক্ষিণ আমেরিকার ‘পয়জন ডার্ট ফ্রগ’-এ পাওয়া যায় এবং রাশিয়ায় স্বাভাবিকভাবে এটি পাওয়া যায় না বলে তারা জানায়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ইউরোপীয় দেশগুলোর এই অভিযোগ মিথ্যা, পক্ষপাতদুষ্ট এবং ভিত্তিহীন।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই আমরা এমন অভিযোগ গ্রহণ করি না। আমরা এর সঙ্গে একমত নই এবং দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করছি।

এর আগে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনিয়া অভিযোগ করেছিলেন, রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে রুশ কর্তৃপক্ষ দাবি করে আসছে, নাভালনি স্বাভাবিক কারণেই মারা গেছেন।

সূত্র: রয়টার্স

এমএসএম