বলিউড নির্মাতা রোহিত শেঠির মুম্বাইয়ের জুহু এলাকার বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় নতুন মোড়। এবার রাজস্থান থেকে আরও ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ধৃতদের মুম্বাইয়ে এনে অপরাধদমন শাখায় জিজ্ঞাসাবাদ করা হবে। সব মিলিয়ে এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন মোট ১১ জন।
ঘটনাটি ঘটে ৩১ জানুয়ারি। অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি পরিচালকের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু হয়। নিরাপত্তার স্বার্থে রোহিতের আবাসনের চারপাশে কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে।
গুলিচালনার ঘটনায় কেউ আহত না হলেও খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বুলেটসহ একাধিক প্রমাণ।
এদিকে জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর গ্যাং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। এরপরই তদন্তে গতি আসে।
প্রথম দফায় পুণে থেকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ১ ফেব্রুয়ারি মুম্বাই পুলিশ যাদের আটক করে, তাদের নাম-আমন আনন্দ মারোতে (২৭), আদিত্য জ্ঞানেশ্বর গায়কি (১৯), সিদ্ধার্থ দীপক যেনপুরে (২০), সমর্থ শিবশরণ পোমাজি (১৮) ও স্বপ্নীল সকত (২৩)। তাদের বিরুদ্ধে সরাসরি গুলিচালনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তদন্তে আরও জানা গেছে, আশারাম ফাসলে নামে এক অভিযুক্ত অস্ত্র সরবরাহ করেছিলেন। অভিযোগ, গত চার বছর ধরে তিনি বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন:গুঞ্জন থামিয়ে স্পষ্ট বার্তা দিলেন রণবীর কাপুর ভারতজুড়ে বিতর্কের ঝড়, এ আর রহমানের বিরুদ্ধে চুরির মামলা
পুরো ঘটনার তদন্ত এখনও চলছে। নতুন করে গ্রেফতার হওয়া ছয় জনকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছে পুলিশ।
এমএমএফ