আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, রমজান মাসে আমদানি ও রফতানি কার্যক্রম সকাল ৮টা থেকে বিকাল ৩টা (বাংলাদেশ সময়) পর্যন্ত চলবে। একই সঙ্গে স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ ও বহির্গমনও পূর্বের ন্যায় অব্যাহত থাকবে।
সংগঠনের সভাপতি মো. আবু হাসান ও সাধারণ সম্পাদক শেখ আবু মুছা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমজান মাস শেষ হলে পরবর্তী সময় থেকে আমদানি-রফতানি কার্যক্রম আগের নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত হবে।
আহসানুর রহমান রাজীব/কেএইচকে/এএসএম