জাতীয়

নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণে প্রস্তুত সচিবালয়

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে যান নবনির্বাচিত প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারা। এরপর সচিবালয়ে প্রবেশ করবেন তারা।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রথম অফিস উপলক্ষে এরইমধ্যে সচিবালয়ে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি মন্ত্রণালয় এবং বিভাগে সৌন্দর্য বর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। অনেক মন্ত্রণালয়ের করিডোরে বসেছে নতুন ফুলের টব। 

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নাম সরিয়ে বসানো হয়েছে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক। মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মকর্তা-কর্মচারীরা মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণ করতে ফুল নিয়ে প্রস্তুত রয়েছেন।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বরণ করতে মঙ্গলবারই (১৭ ফেব্রুয়ারি) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের প্রস্তুতির কাজ শুরু করে। বিভিন্ন স্থানে কর্মচারীদের ধোঁয়া-মোছার কাজ করতে দেখা গেছে। 

নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনই সচিবালয়ে অফিস করবেন। ১ নম্বর নতুন ভবনের তিনতলায় প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বুধবার বিকেল ৩টায়। সচিবালয়ের ১ নম্বর নতুন ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন নতুন প্রধানমন্ত্রী। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নামফলক/ছবি: জাগো নিউজ

নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অফিস করা উপলক্ষে সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

বিশেষ করে নতুন ১ নম্বর ভবনের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন। ১ নম্বর ভবন ঘিরে এসএসএফ, সেনাবাহিনী, পুলিশ, পিজিআরসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে। 

১ নম্বর ভবনে প্রবেশের আগে বসানো হয়েছে আর্চওয়ে। ১ নম্বর ভবনে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দেখে প্রবেশ করানো হচ্ছে। মূল ১ নম্বর গেটেও দেখা গেছে নিরাপত্তার কড়াকড়ি। সেনাবাহিনী ও র‍্যাবের ডগ স্কোয়াড নিয়ে এক নম্বর ভবনের নিচে অবস্থান করতে দেখা গেছে।

নতুন প্রধানমন্ত্রীর প্রথম অফিস করাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যস্ত সময় পার করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রীর জন্য তার কক্ষটি প্রস্তুত করা হয়েছে। এ ফ্লোরে থাকা মন্ত্রিসভা বৈঠকের জন্য মন্ত্রিপরিষদ কক্ষটিও প্রস্তুত করা হয়েছে। এ ভবনটি তৈরির পর এই ফ্লোরটি বলতে গেলে অব্যবহৃতই পড়ে ছিল।

নিচতলাসহ এ ভবনের বিভিন্ন তলার সৌন্দর্য বর্ধনের জন্য বিপুল সংখ্যক নতুন ফুলের টব রাখা হয়েছে।

তারেক রহমান সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর মন্ত্রিসভার বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রথমবারের মতো অফিস করবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের নামফলক/ছবি: জাগো নিউজ

সচিবালয়ে এসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। মূলত এটি হবে পরিচিতিমূলক। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন নতুন প্রধানমন্ত্রী। 

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২১২টিতে জয় পেয়েছে বিএনপি জোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোট পেয়েছে ৭৭টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্যরা মিলে ৮টি আসনে জয় পেয়েছে।

মঙ্গলবার বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। এরপর রাতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 

আরএমএম/এমএমকে