দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে অর্থনৈতিক অংশীদারত্বে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও নেপাল। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, সংযোগ (কানেক্টিভিটি) ও পর্যটন খাতে বিদ্যমান বিপুল সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার সঙ্গে সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রীর ড. খলিলুর রহমানের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
ঢাকার নেপাল দূতাবাস এক বিবৃতিতে জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় হয়।
পাশাপাশি দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশ ও জনগণের অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকের শুরুতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, অভিন্ন আকাঙ্ক্ষা এবং গভীর সাংস্কৃতিক বন্ধনের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। বিশেষ করে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে সম্ভাবনাময় খাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং মহাপরিচালক ইসরাত জাহান উপস্থিত ছিলেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেপিআই/এমআরএম