এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে টানা তিনটি ম্যাচেই হেরেছে ওমান। এর আগে ২০২৪ আসরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র দেখায় বড় ব্যবধানে হেরেছিল দলটি। সেই ওমানই কিনা এবার ভয় দেখাচ্ছে অস্ট্রেলিয়াকে!
আজ শুক্রবার পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ওমান। অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। হতাশায় নিমজ্জিত এই অস্ট্রেলিয়াকেই মরণকামড় দিতে চায় ওমান।
ওমানের অধিনায়ক জতিন্দর সিং বলেন, ‘নিঃসন্দেহে এটি আমাদের শতভাগ সেরা সুযোগ। ছেলেরা দারুণভাবে মুখিয়ে আছে। টি-টোয়েন্টি এমন একটি খেলা, যেখানে গতি আর ছোট ছোট মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। সেই মুহূর্তগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারলে যেকোনো দিন যেকোনো কিছু সম্ভব। অস্ট্রেলিয়া এই মুহূর্তে ভালো করছে না… তাদের হারানোর এটাই সেরা সময়।’
তিনি আরও বলেন, ‘দলের সবাই খুব ইতিবাচক মানসিকতায় আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ছাপ রেখে যেতে চায় তারা।’
দীর্ঘমেয়াদে ওমান ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে গুরুত্বপূর্ণ মনে করেন জতিন্দর। ২০২৫ সালে ওমান খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেনি—মাত্র ১৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ও আটটি ওয়ানডে খেলেছে দলটি।
জতিন্দর মনে করেন, বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেলে কিংবা অন্ততপক্ষে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে পারলেও তারা উন্নতি করতে পারবেন। ওমান অধিনায়ক বলেন, ‘যদি আমরা নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলি, আর অন্য দলগুলো যদি খেলে, তাহলে ব্যবধান বাড়তেই থাকবে। আমরা ওমানে অন্য দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছি খেলতে, কিন্তু সাড়া পেতে দেরি হয়েছে বা অনেক সময় কোনো সাড়া মেলেনি। তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই হতে পারে এই ঘাটতি পূরণের কার্যকর সমাধান।’
এমএমআর