তথ্যপ্রযুক্তি

নতুন ম্যাকবুক ও আইপ্যাড আনছে অ্যাপল

অ্যাপলের নতুন গ্যাজেটের জন্য পুরোবিশ্ব মুখিয়ে থাকে। অ্যাপলের আইফোন সবচেয়ে বেশি উন্মাদনার বিষয় হলেও অন্যান্য গ্যাজেটেও আগ্রহ কম নয়। শিগগির নতুন ম্যাকবুক ও আইপ্যাড বাজারে আনতে যাচ্ছে অ্যাপল।

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল আগামী ৪ মার্চ নিউইয়র্কে বছরের প্রথম বিশেষ আয়োজন করতে যাচ্ছে। সকাল ৯টা (ইস্টার্ন সময়) থেকে শুরু হবে ‘অ্যাপল এক্সপেরিয়েন্স’ শীর্ষক এই অনুষ্ঠান। এটি সবার জন্য সরাসরি সম্প্রচার করা হবে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাকরিউমারস জানিয়েছে, একই সময়ে লন্ডন ও সাংহাইতেও অনুরূপ আয়োজন অনুষ্ঠিত হতে পারে। এর আগে ব্লুমবার্গ-এর প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যান জানান, মার্চের প্রথম সপ্তাহেই একাধিক নতুন পণ্য ঘোষণা দিতে পারে অ্যাপল।

ধারণা করা হচ্ছে, নতুন ম্যাকবুক এয়ার এবং ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো-এর হালনাগাদ সংস্করণ উন্মোচন করা হবে। এতে নতুন এম৫ প্রো ও এম৫ ম্যাক্স চিপ যুক্ত থাকতে পারে। তবে বেস এম৫ চিপযুক্ত একটি ম্যাকবুক প্রো গত অক্টোবরেই বাজারে আসে। এছাড়া হালকা হলুদ, হালকা সবুজ, নীল ও গোলাপি রঙে একটি নতুন এন্ট্রি-স্তরের ম্যাকবুক আনার জল্পনাও রয়েছে।

আইপ্যাড সিরিজেও পরিবর্তন আসতে পারে। প্রাথমিক স্তরের আইপ্যাডে এ১৮ চিপ যুক্ত হতে পারে, যা অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থন করবে। পাশাপাশি আইপ্যাড এয়ার-এ এম৪ চিপ সংযোজনের সম্ভাবনাও রয়েছে।

চলতি বছরের মধ্যে হালনাগাদ ম্যাক স্টুডিও, স্টুডিও ডিসপ্লে এবং ম্যাক মিনি বাজারে আনার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

সূত্র: এনগ্যাজেট

আরও পড়ুনআইফোন সারারাত চার্জ দিলেও সমস্যা নাইআইফোন ১৮-তে যেসব চমক থাকতে পারে

শাহজালাল/কেএসকে