ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন বলেছেন, সাধারণ মানুষের শিক্ষা ও চিকিৎসাসেবার দিকে নজর দেওয়া হবে। মাদক, চাঁদাবাজি, নির্মূল করা হবে। ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করবো।
সম্প্রতি জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইফুল মিঠু।
জাগো নিউজ: এখানে কখনও জামায়াতের কেউ সংসদ সদস্য হয় নাই। কাজ করার ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন?
কর্নেল (অব.) আব্দুল বাতেন: এই এলাকাটি প্রধানত শহরের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোকের বসবাস। প্রধান সমস্যাগুলা হলো, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং দখলবাজি ও সন্ত্রাস। এগুলো সহসাই মোকাবিলা করা যায় না। আমরা কাজ শুরু করেছি। মাত্র কয়েকদিন হলো দায়িত্ব নিয়েছি। এখন আমরা উদ্যোগ নেবো, চ্যালেঞ্জিং হবে, তবুও আমরা কাজ করবো।
জাগো নিউজ: মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল এই এলাকায় নেই। এ ব্যাপারে আপনি কী ধরনের উদ্যােগ নেবেন?
কর্নেল (অব.) আব্দুল বাতেন: ভালো শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল করার প্রতিশ্রুতি আমার আছে। আমরা কাজ শুরু করিনি এখনো। সাধারণ মানুষ যেন মানসম্মত স্বাস্থ্য ও শিক্ষা পায় সেটার চেষ্টা করবো। শিক্ষা প্রতিষ্ঠান এখানে অনেকগুলো আছে। সেগুলোর মানোন্নয়ন করতে হবে। এখানে একটা ভাল হাসপাতাল প্রতিষ্ঠা করা জরুরি। আশা করি পারা যাবে।
জাগো নিউজ: আসনটিতে একাধিক বস্তি ও বিহারি ক্যাম্প রয়েছে? তাদের জীবনমান উন্নয়নে কী করবেন?
কর্নেল (অব.) আব্দুল বাতেন: সুপেয় পানি, উন্নত শিক্ষা ও চিকিৎসাসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।
জাগো নিউজ: বাজার, মাঠসহ বিভিন্ন অবকাঠামো পড়ে আছে অবহেলায়। সেগুলোতে কী করবেন?
কর্নেল (অব.) আব্দুল বাতেন: খোঁজখবর নেওয়া শুরু করেছি। এগুলো সম্ভবত সিটি করপোরেশনের কাজ। করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কতটুকু কী করা যায়,করবো।
জাগো নিউজ: ধন্যবাদ আপনাকে।
কর্নেল (অব.) আব্দুল বাতেন: জাগো নিউজকেও ধন্যবাদ।
এসএম/এএমএ