আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিসিএলকে সামনে রেখে প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা পার করছে দলগুলো। এবারের আসর বসছে রাজশাহী ও বগুড়ার ভেন্যুগুলোতে। ওয়ানডে সংস্করণে হওয়ায় পাকিস্তান সিরিজের আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছেন জাতীয় দলের ব্যাটার ও নর্থ জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন।
শান্ত বলেন, ‘প্রস্তুতির জন্য খুব ভালো টুর্নামেন্ট। নতুন অনেকে খেলার সুযোগ পাবে। ঘরোয়া যারা খেলে ওদের জন্যও ভালো সুযোগ। চারটি দলই খুব ভালো। ভালো দুটি ভেন্যুতে খেলা হচ্ছে, যেখানে অনেক রান হয়, স্পোর্টিং হয়। প্রস্তুতির জন্য অনেক ভালো সুযোগ। এখানে ভালো খেললে ভালো প্রস্তুতি নিয়ে পাকিস্তান সিরিজে যেতে পারব।’
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের আশা প্রকাশ করে শান্ত আরও যোগ করেন, ‘আমার মনে হয় ভালো ম্যাচ হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে। উইকেট ভালো, স্পোর্টিং উইকেট। দুই দলের জন্যই সুবিধা থাকবে। ব্যাটিং-বোলিং সুবিধা থাকবে। যে দল ভালো খেলবে তারাই জিতবে। আমরা ভারসাম্যপূর্ণ দল। নিজেদের সেরাটা খেলতে পারলে ফলাফলও আমাদের দিকে আসবে।’
অন্যদিকে, সেন্ট্রাল জোনকে নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন। ভেন্যু হিসেবে রাজশাহী ও বগুড়া সবসময়ই ব্যাটারদের পছন্দের তালিকায় থাকে। অঙ্কনও তেমন কিছুরই প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‘বগুড়া, রাজশাহীতে সবসময় স্পোর্টিং উইকেট হয়। আশা করি ভালো উইকেট পাব। এখানে সবসময়ই হাই স্কোরিং খেলা হয়। আমরাও আগে খেলেছি এখানে। দেখা যাক কত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারি।’
এসকেডি/আইএন