ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন। সেখানে বাসাবাড়িতে রান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে ভোগান্তি কমাতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে তিতাস গ্যাসের আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকা-৬ আসনের একাধিক এলাকায় দীর্ঘ সময় ধরে গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহ সংকটের কারণে বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন। এলাকাবাসীর ধারাবাহিক অভিযোগের প্রেক্ষিতে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নির্বাচনি অঙ্গীকারের অন্যতম ছিল আবাসিক গ্যাস সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা। সে লক্ষ্যেই তিনি তিতাস গ্যাসের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন বলে জানা গেছে।
আলোচনায় গ্যাস সরবরাহ ব্যবস্থার বর্তমান অবস্থা, পাইপলাইনে চাপের ঘাটতি, অবৈধ সংযোগের প্রভাব এবং নেটওয়ার্ক উন্নয়নসহ বিভিন্ন কারিগরি বিষয় উঠে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভোগান্তি কমানোর আশ্বাস দিয়েছেন।
এমডিএএ/এমআইএইচএস