দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি পাঠিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং রাজিব আহসানের দপ্তর বণ্টনের অনুরোধ জানিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব অজিত দেবের সই করা চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত দুজন প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টনের ইচ্ছার কথা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়; প্রতিমন্ত্রী রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব দেওয়ার জন্য মন্ত্রীর ইচ্ছার কথা জানানো হয় চিঠিতে।
প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয় চিঠিতে।
গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরমধ্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও রাজিব আহসানকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা-৯ আসন থেকে হাবিবুর রশিদ ও বরিশাল-৪ আসন থেকে রাজিব আহসান সংসদ সদস্য নির্বাচিত হন।
আরএমএম/এমকেআর