অর্থনীতি

বিএনপি সরকারের হাত ধরেই বাংলাদেশের বড় পরিবর্তন আসবে: চীনের রাষ্ট্রদূত

আগামী পাঁচ বছর বিএনপি সরকারের হাত ধরেই বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৈঠকে তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। অনেক বড় প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানানো হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের ছয়টি সার কারখানার মধ্যে অনেকগুলো গ্যাসের অভাবে উৎপাদনে বিঘ্নের মুখে পড়ছে। এলএনজি আমদানির মাধ্যমে সার কারখানা চালু রাখতে পারে—এমন বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। উৎপাদিত সার সরকার কিনে নেবে বলেও তিনি জানান। পাশাপাশি বন্ধ থাকা পাটকলগুলোতেও চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান বস্ত্র ও পাটমন্ত্রী।

তিনি বলেন, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, ই-লার্নিং সেন্টার স্থাপন ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে চীন বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। এর মাধ্যমে দু’দেশের রিলেশনশিপ আরও শক্তিশালী ভিত্তি পাবে।

চীনের রাষ্ট্রদূত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ম্যান্ডেট নিয়ে বিজয়ী হওয়ায় বিএনপিকে ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানান।

বাংলাদেশে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টিতে চীন ভূমিকা রাখতে চায় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকারের আমলে প্রথম বিনিয়োগ আনবে চীন। আগামী ৫ বছর বিএনপি সরকারের হাত ধরেই বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছি। এসময় বাণিজ্যমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।

এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

এনএইচ/এমএএইচ/