ঈদের আগেই বোনাস বা উৎসবভাতা দেওয়ার কথা। কিন্তু দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় সাড়ে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অধিকাংশ ঈদে তা পান ঈদের পর। এটিকে তারা ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন।
তবে এবার নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক। ঈদের আগেই তারা বোনাস পাওয়ার আশায় বিভোর। কিন্তু শিক্ষাপ্রশাসনে খোঁজ নিয়ে মিলেছে ভিন্ন তথ্য। সূত্র বলছে, ঈদ বোনাসের প্রস্তাবনাই তৈরি করেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
ফলে ঈদ বোনাসের প্রস্তাবনা তৈরি, মন্ত্রণালয়ের অনুমোদন এবং অর্থছাড় করানোর প্রক্রিয়া সামনের দুই সপ্তাহে শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন শিক্ষকরা। নতুন সরকার আসার পর এবারও যদি ঈদের আগে বোনাস না হয়, তাহলে নিরাশ হবেন তারা।
মাউশির সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ প্রস্তাব অনুমোদনের পর ঈদ বোনাসের প্রস্তাব পাঠানো হতে পারে।
মাউশির অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব আজ পাঠানো হবে। ঈদ বোনাসের প্রস্তাব নিয়ে এখনো খোঁজ নেওয়া হয়নি। আশা করছি, এটি যথাসময়ে করা হবে।
জানা গেছে, মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল ঈদ বোনাস বা উৎসব ভাতার প্রস্তাব তৈরি করে। আগামী সপ্তাহে তারা প্রস্তাবনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এটি তৈরির পর অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
জানতে চাইলে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. হুমায়ুন কবীর বলেন, আমরা যথাসময়ে এটি পাঠাবো। বিষয়টি নিয়ে কাজ চলছে। আশা করি, সব ঠিক থাকলে শিক্ষক-কর্মচারীদের ঈদের আগেই বোনাস পাবেন।
পুরান ঢাকার একটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, এমপিওভুক্ত শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর গত ৮ বছরে দুবার ঈদের আগে বোনাস পেয়েছি। সেটাও এমন সময়ে ব্যাংকে পাঠানো হয় যে, তোলা মুশকিল হয়ে পড়ে।
তিনি আরও বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—যে সময়ে আমরা বোনাসের টাকা হাতে পাই, সেসময়ে সবার ঈদের বাজার করা শেষ হয়ে যায়। ব্যাংকে ভিড়, চাপাচাপির কারণে অনেকে ঈদের আগে বোনাস পেলেও ঈদের পর তুলতে বাধ্য হয়। অথচ সরকারি কর্মচারীরা ঈদের ১৫ দিন আগেই বোনাস পান। এখানেও আমরা বৈষম্যের শিকার।
শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস কতএমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের মাত্র ২৫ শতাংশ হারে ঈদের বোনাস পেতেন। আর কর্মচারীদের বেতন খুবই কম হওয়ায় তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস দেওয়া হতো।
ঈদ বোনাস বাড়ানোর দাবিতে গত বছর টানা আন্দোলনে নামেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের আন্দোলনের মুখে শিক্ষকদের বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। তবে কর্মচারীদের বোনাস একই রাখা হয়। অর্থাৎ কর্মচারীরাও মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন।
এএএইচ/এমআইএইচএস