পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলগুরো পুনরুদ্ধারে বিদ্যমান আইনি জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারের সহযোগিতায় পুরোনো হলসমূহ ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী, যা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে সক্ষম হবেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের কিছু অসংগতি সংশোধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, মহান জাতীয় সংসদের মাধ্যমে আইন সংশোধন সম্ভব এবং এ ক্ষেত্রে সংসদ সদস্যের কার্যকর ভূমিকা প্রত্যাশিত।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের ঐক্যই সর্বাগ্রে বিবেচ্য। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সংসদ সদস্যের নেতৃত্বে বিদ্যমান আইনি জটিলতার সমাধান সম্ভব হবে এবং বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধার করা যাবে। একই সঙ্গে বর্তমান সরকারের সময়ে বিশ্ববিদ্যালয় অধিক সুযোগ-সুবিধা পাবে বলেও তিনি প্রত্যাশা করেন।
ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করে। শিক্ষক সমিতি প্রশাসনের সহযোগী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে কাজ করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় অনুষ্ঠানে জবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, হলের প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, জকসু প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
টিএইচকিউ/কেএএ/