দেশজুড়ে

বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে

সরকারি সেতুর মালামাল চুরি করে ট্রলারযোগে নিয়ে যাওয়ার সময় বরিশালের বানারীপাড়া উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জিহাদ আকন ও ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিনগত গভীর রাতে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা এলাকা থেকে সেতুর নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল চুরি করে ট্রলারযোগে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থের নেতৃত্বে একদল পুলিশ বানারীপাড়া ফেরিঘাটসংলগ্ন নতুন সেতুর নিচে সন্ধ্যা নদীর মোহনায় অবস্থান নেয়।

রাত আনুমানিক ৩টার দিকে সন্দেহভাজন ট্রলারটি সেখানে পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে সরকারি মালামালসহ একটি ডিজেল ইঞ্জিন, একটি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, সেতুর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং চুরির কাজে ব্যবহৃত মালামালসহ ট্রলারটি জব্দ করে।

এ সময় ট্রলারে থাকা ছাত্রদল নেতা জিহাদ আকন ও যুবদল নেতা সানিকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, তারা গাভা এলাকা থেকে এসব মালামাল চুরি করে নিয়ে আসছিলেন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, চুরির ঘটনায় আটক জিহাদ ও সানিসহ চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৫–৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলার প্রেক্ষিতে তাদের আদালতে হাজির করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

শাওন খান/কেএএ/