জাতীয়

নিউমার্কেট: কেনাকাটার সঙ্গে সমান তালে জমজমাট ইফতারি বাজার

রাজধানীর নিউমার্কেট এলাকায় জমজমাট হয়ে উঠেছে ইফতারি বাজার। রমজানের বিকেল গড়াতেই মার্কেটের আশপাশের ফুটপাত ও গলিতে নানা খাবারের পসরা সাজিয়ে বসছেন দোকানিরা। ঈদের কেনাকাটা করতে আসা অনেক ক্রেতা মাগরিবের আগে তড়িঘড়ি করে বাসায় না ফিরে এখানেই ইফতার সেরে নিচ্ছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার আগ দিয়ে ক্রেতারা একদিকে যেমন ঘুরে ঘুরে পছন্দের পোশাক কিনছেন, অন্যদিকে ইফতারের জন্য ভিড় করছেন অস্থায়ী দোকানগুলোতে। তাদের আগ্রহ ছিল মূলত ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডালপুরি, হালিম, জিলাপি, খেজুর ও শরবতের স্টলগুলো। বিশেষ করে গরম জিলাপি ও মসলাদার হালিমের চাহিদা ছিল বেশি। এছাড়া বিভিন্ন দেশি-বিদেশি ফলও কিনতে দেখা গেছে।

দোকানিরা জানান, রমজান এলে তাদের অস্থায়ী দোকানে বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। ঈদের কেনাকাটার মৌসুম হওয়ায় ক্রেতার চাপ আরও বেশি। অনেক পরিবার একসঙ্গে কেনাকাটা করতে এসে মার্কেটের সামনে বসেই ইফতার করছে।

ক্রেতাদের ভাষ্য, যানজটের এ নগরীতে নিউমার্কেটে এসে প্রয়োজনীয় কেনাকাটা সেরে আবার ইফতারের আগে বাসায় পৌঁছানো অনেকের পক্ষেই কষ্টকর। এরচেয়ে বরং শপিং করার ফাঁকে ইফতারি খেয়ে নেওয়া সুবিধাজনক। তবে ভিড় ও দাম কিছুটা বেশি হওয়ায় অসন্তোষও রয়েছে কারও কারও মধ্যে।

কেনাকাটা করতে আসা শেফালী আক্তার বলেন, ‘বিকেল থেকে ঘুরে ঘুরে কেনাকাটা করছি। এখন যে সময় আছে তাতে বাসায় ফিরে ইফতার করা যাবে না। আবার কিছু কেনাকাটা বাকিও আছে। তাই ইফতার সেরে আরও কেনাকাটা করে বাসায় ফিরবো।’

কেউ কেউ আবার বাসায় ইফতার করার জন্য এখান থেকে বিভিন্ন কিছু নিয়ে যান। এমনই একজন আজমাইন মাহমুদ। তিনি বলেন, ‘বাসা আজিমপুরে। এখান থেকেই ইফতারি নিয়ে যাই বেশির ভাগ সময়। আজও কিনেছি।’

সব মিলিয়ে নিউমার্কেট এলাকায় ঈদের কেনাকাটা আর ইফতারির বাজার এক ভিন্ন আমেজ নিয়ে এসেছে।

এনএস/একিউএফ