জাতীয়

লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

রাজধানীর এক কলেজছাত্রীকে লঞ্চের কেবিনে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে মামলা হওয়ার পর তাদের গ্রেফতার করার কথা জানিয়েছেন ডিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. ফয়সাল আহমেদ।

তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী গত রোববার হাতিয়ার তমরদ্দি লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে আসার পথে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন। এ অভিযোগে মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২) নামে দুজনকে গ্রেফতার করা হয়।

ওসি ফয়সাল আহমেদ বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীকে নিয়ে হাসপাতালে ভর্তি করাই এবং বিস্তারিত শুনে আসামিদের গ্রেফতারে মাঠে নামি। পরে টানা অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে সোমবার রাতে মামলা করেন। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারের বরাতে তিনি বলেন, মেয়েকে একটি কেবিনে উঠিয়ে দিয়ে চলে যান তার বাবা। ওই লঞ্চে সাকিব ও নুরুজ্জামান নামে দুজন উঠে রাতে ওই ছাত্রীর কেবিনে যায় এবং নির্যাতন চালায়।

টিটি/জেএইচ