মধ্য পৃথিবীতে পা রাখতে যাচ্ছেন টাইটানিকের নায়িকা
‘টাইটানিক’ ছবির রোজ চরিত্রে অভিনয় করে দুনিয়াব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী কেট উইন্সলেট। ঝুলিতে ভরেছেন অস্কারও। তাকে দেখা গেছে ‘অ্যাভাটার’ সিরিজের শেষ পর্বেও। বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি সেখানে হাজির হয়েছেন।
এবার শিগগির প্যান্ডোরা ছেড়ে মধ্য পৃথিবীতে পা রাখতে যাচ্ছেন কেট।
বিবিসি ভ্যারাইটি সূত্রে জানা গেছে, কেট উইন্সলেট এখন আলোচনায় আছেন মধ্য-পৃথিবীর গল্প নিয়ে নির্মিত ফ্যান্টাসি সিরিজের ‘লর্ড অফ দ্য রিংস: হান্ট ফর গোলাম’ চলচ্চিত্রে অংশ নেওয়ার জন্য। এই ছবিতে পরিচালক-অভিনেতা অ্যান্ডি সারকিসও থাকছেন। তিনি একদিকে পরিচালনা করবেন এবং একইসঙ্গে নিজের পরিচিত চরিত্র গোলামের ভূমিকায় অভিনয়েও ফিরবেন।
‘টাইটানিক’ ছবির দৃশ্যে কেট উইন্সলেট
জে. আর. আর. টলকিনের সৃষ্ট কাল্পনিক জগৎ হলো মিডল আর্থ বা মধ্য পৃথিবী। এই জগৎকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে বিখ্যাত চলচ্চিত্র সিরিজ ‘দ্য লর্ড অব দ্য রিংস’ এবং ‘দ্য হবিট’। খবর অনুযায়ী, কেট উইন্সলেট ‘লর্ড অব দ্য রিংস’ সিরিজের নতুন কিস্তিতে অভিনয়ের জন্য আলোচনায় রয়েছেন।
যদিও ওয়ার্নার ব্রোস এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কাস্ট ঘোষণা করেনি। তবে প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে, মূল ত্রয়ী থেকে পরিচিত কিছু মুখ নতুন পর্বে ফিরতে পারে। সম্ভাব্যদের মধ্যে রয়েছেন ইলাইজা উড (ফ্রোডো ব্যাগিনস) এবং ইয়ান ম্যাককেলেন (গ্যান্ডালফ)।
চলচ্চিত্রটি মূল রূপান্তরগুলোর পিছনের সৃজনশীল দলকে একত্রিত করছে। পিটার জ্যাকসন মূল ‘লর্ড অফ দ্য রিংস’ এবং ‘হোবি’ট ত্রয়ী পরিচালনা করেছিলেন। তিনি এই নতুন ছবিটির প্রযোজক হিসেবে থাকছেন। পাশাপাশি তার দীর্ঘদিনের সহকর্মীরা ফ্রান ওয়ালস এবং ফিলিপা বয়েন্সও প্রযোজনায় অংশ নিচ্ছেন।
ওয়ার্নার ব্রোস ডিসকভারি’র সিইও ডেভিড জাসলাভ ২০২৪ সালে এক অর্থনৈতিক কলে জানিয়েছিলেন, তিনজনই প্রকল্পের প্রতিটি ধাপে সক্রিয় থাকবেন।
কেট উইন্সলেটের জন্য এটি পিটার জ্যাকসনের সঙ্গে পুনর্মিলনেরও সুযোগ তৈরি করবে। এর আগে ১৯৯৪ সালে কেট অভিনয় করেছিলেন পিটার পরিচালিত ‘হেভেনলি ক্রিয়েচারস’ চলচ্চিত্রে।
চলচ্চিত্রটি ২০২৭ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পাবে বলে তারিখ ঘোষণা করা হয়েছে। যদিও গল্পের বিস্তারিত প্রকাশ করা হয়নি তবে বলা হচ্ছে এটি ‘হোবিট’ এবং ‘লর্ড অফ দ্য রিংস: দ্য ফেলোশিপ অফ দ্য রিং’- এর ঘটনার মধ্যবর্তী সময়ে অবস্থিত।
যদি সব আলোচনা সফল হয় তবে কেট উইন্সলেট আরও একবার সিনেমার সবচেয়ে বড় ফ্যান্টাসি জগতে প্রবেশ করবেন। ‘টাইটানিক’, ‘অ্যাভাটার’-এর মতো বৈচিত্র্যময় গল্প ও চরিত্রের পর এবার তার দেখা হবে হবিট, জাদুকর এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আংটির সঙ্গে।
এলআইএ