নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবিনা বেগম চম্পা (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে ফতুল্লার পাগলা আলীগঞ্জ এলাকার জালাল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাবিনা বেগম চম্পা পটুয়াখালী জেলার বালাপাড়া থানার ফতেপুর পাখিমারা এলাকার মোতালেব মিয়ার মেয়ে। তিনি আলীগঞ্জ এলাকার জালাল মিয়ার ভাড়াটিয়া বাসায় স্বামী রনি মিয়ার সঙ্গে বসবাস করতেন।
রনি মিয়া (৩০) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার উত্তর গোবিন্দপুর এলাকার খলিল মিয়ার ছেলে। তিনি একটি রোলিং মিলে কাজ করেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম খান বলেন, গতরাতে স্বামী স্ত্রী একই সঙ্গে ঘরে ছিলেন। সকালে স্ত্রীর মৃতদেহ দেখে থানায় সংবাদ দেন রনি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুটি রহস্যজনক হওয়ায় তার স্বামী রনি মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোবাশ্বির শ্রাবণ/এমএন/এমএস