জাতীয়

ট্রেনের টিকিট রিফান্ড করবেন যেভাবে

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় উত্তরবঙ্গের কয়েকটি জেলার রেলযোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জাগো নিউজকে জানিয়েছেন, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচলে আজ প্রভাব না পড়লেও আগামীকাল প্রভাব পড়তে পারে।

তিনি বলেন, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হলেও আজ এর কোনো প্রভাব পড়বে না। সেযব ট্রেন রাতে বা ভোরে ঢাকায় আসার কথা সেগুলো হয়ত দেরিতে আসতে পারে। এজন্য আগামীকাল ওই রুটের ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হতে পারে।

ঈদ যাত্রায় এমন বিলম্ব বা যাত্রী না যেতে চাইলে টিকিট ফেরত দিতে পারবে। এতে টিকিটের অর্থও ওই যাত্রীকে ফেরত দিবে রেল কর্তৃপক্ষ। রেলের টিকিট রিফান্ড দিতে হলে বেশ কিছু নিয়ম মানতে হবে।

অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট রিফান্ড করা যাবেযে অ্যাকাউন্ট থেকে ট্রেনের টিকিট কেনা হয়, সেই অ্যাকাউন্টে একটি পার্চেজ হিস্ট্রি থাকবে। পার্চেজ হিস্ট্রিতে দেখা যাবে ক্রেতা কতগুলো টিকিট কিনেছেন। সেই তালিকার ডান পাশে টিকিট বারে একটি নতুন বাটন যুক্ত হবে ‘ক্যানসেল’ নামে। ওই ক্যানসেল বাটনে চাপ দিলেই ক্রেতা দেখতে পারবেন, এখন টিকিট ফেরত দিলে কত টাকা ফেরত পাবেন।

কিন্তু টিকিট রিফান্ডের টাকা সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে না। এই টাকা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সর্বোচ্চ ৮ কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।

টাকা ফেরত না পেলে সমস্যার বিবরণসহ support@eticket.railway.gov.bd এই ঠিকানায় মেইলে একটি অভিযোগ করতে হবে। এই মেইলের উত্তর যাত্রীকে ৭ কার্যদিবসের মধ্যে পাঠানো হবে।

টিকিট রিফান্ড পলিসিতে বলা হয়েছে, যাত্রা শুরুর ৪৮ ঘণ্টা আগে টিকিট ফেরত দেওয়ার ক্ষেত্রে এসি ক্লাসের জন্য ৪০ টাকা, প্রথম শ্রেণির জন্য ৩০ টাকা এবং অন্য শ্রেণির জন্য ২৫ টাকা পরিষেবা চার্জ কাটা হবে।

এ ক্ষেত্রে ৪৮ ঘণ্টার কম এবং ২৪ ঘণ্টার বেশি হলে ভাড়ার ২৫ শতাংশ কাটা হবে। এছাড়া ২৪ ঘণ্টার কম এবং ১২ ঘণ্টার বেশি হলে ভাড়ার ৫০ শতাংশ, ১২ ঘণ্টার কম এবং ৬ ঘণ্টার বেশি হলে ভাড়ার ৭৫ শতাংশ করা হবে। তবে ৬ ঘণ্টার কম সময়ের জন্য কোনো ফেরত দেওয়া হবে না। অনলাইনে টিকিট রিফান্ডের ক্ষেত্রে পরিষেবা চার্জ ফেরতযোগ্য হবে না।

এনএস/এমআইএইচএস