রাজধানীর উত্তরায় অবস্থিত ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেফতার দুই নারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (১৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।
জবানবন্দি দেওয়া দুই নারী হলেন চাঁদনি জামান ওরফে ইভা এবং শামীমা আক্তার সুমা ওরফে নুসরাত নওশিন সুমা। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া আদালতের কাছে তাদের জবানবন্দি গ্রহণের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ঘটনার বিষয়ে তথ্য দেন। এদিকে একই ঘটনায় গ্রেফতার হওয়া আরও ১১ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৫ মার্চ) রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্স ঘিরে বিক্ষোভ শুরু করেন রিকশা ও অটোরিকশা চালকদের একটি দল। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা দফায় দফায় মার্কেটটিতে হামলা চালায় এবং বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্স/ফাইল ছবি
তদন্ত সংশ্লিষ্টরা জানান, একটি রিকশা পার্কিংকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। মার্কেটের সামনে রিকশা দাঁড় করানো নিয়ে নিরাপত্তাকর্মী ও রিকশাচালকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিরাপত্তাকর্মী রিকশার পেছনে লাঠি দিয়ে আঘাত করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে আশপাশের আরও রিকশাচালক সেখানে জড়ো হন এবং ঘটনাস্থলে হট্টগোল শুরু হয়। কিছুক্ষণের মধ্যে স্থানীয়দের একটি অংশও তাদের সঙ্গে যোগ দিলে বড় ধরনের জনসমাগম তৈরি হয়।
এ সময় ‘এক রিকশাচালককে হত্যা করা হয়েছে’—এমন গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং মার্কেটটিতে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পরদিন সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের আহত করার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় অজ্ঞাত পরিচয় প্রায় ৭০০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। ওই ঘটনায় এর আগে কয়েকজনকে গ্রেফতার এবং কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমডিএএ/এমএমকে