ভোলার লালমোহন উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মৎস্য বিভাগের অভিযানে থাকা একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও পুলিশের এক সদস্য নিখোঁজ রয়েছেন। তার নাম মো. ফখরুল। তিনি লালমোহনের মঙ্গলশিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত।
বুধবার (১৮ মার্চ) রাতে লালমোহন উপজেলার মঙ্গলশিকদার লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
মৎস্য বিভাগ ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পরে মঙ্গলশিকদার লঞ্চঘাট থেকে একটি স্প্রিডবোট নিয়ে মৎস্য বিভাগের তিনজন ও চারজন পুলিশ সদস্য মেঘনা নদীতে মৎস্য রক্ষা অভিযানে যান। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী একটি লঞ্চ স্পিডবোটটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় একটি ট্রলারে থাকা লোকজন ছয়জনকে জীবিত উদ্ধার করেন। তবে পুলিশ সদস্য ফখরুলের খোঁজ মেলেনি। আহত কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ পুলিশ সদস্যের সন্ধান চালানো হচ্ছে।
জেইউএস/এমএমকে