দেশজুড়ে

সুবিধাবঞ্চিত ৬০০ মানুষের মুখে হাসি ফোটালো ‘জয়ফুল জার্নি’

শহরের যান্ত্রিকতার মাঝে এক চিলতে মানবিকতার পরশ পেলো সুবিধাবঞ্চিত ৬০০ মানুষ। আসন্ন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যশোর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত হলো ব্যতিক্রমী এক মিলনমেলা।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘জয়ফুল জার্নি’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দুস্থ নারী, পুরুষ ও শিশুদের জন্য ছিল উন্নতমানের খাবারের আয়োজন।

শনিবার (২১ মার্চ) দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে গিয়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‌‘ঈদের প্রকৃত আনন্দ কেবল নিজের মাঝে সীমাবদ্ধ নয়, বরং তা সমাজের অবহেলিত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্যেই সার্থকতা। জয়ফুল জার্নি যেভাবে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।’

এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল শিশুদের জন্য আইসক্রিম কর্নার। প্রখর রোদে খাবারের পর আইসক্রিমের স্বাদ শিশুদের উল্লাস আরও বাড়িয়ে দেয়। আয়োজকরা জানান, ৬০০ মানুষের জন্য উন্নতমানের মধ্যাহ্নভোজের পাশাপাশি শিশুদের জন্য এই বিশেষ বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছিল।

উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এহতেশামুল হক পাপ্পু, সভাপতি শাহরিয়ার রহমান হেলাল, সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি কৃষ্ণ পাল, জয়েন্ট সেক্রেটারি শেখ সাদ্দাম হোসেন, সদস্য শেখ সোহেল প্রমুখ।

সংগঠনের সভাপতি শাহরিয়ার রহমান হেলাল জানান, এটি তাদের প্রথম কোনো আয়োজন নয়। এর আগেও গত দুটি ঈদে তারা একইভাবে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আনন্দ আয়োজনের ব্যবস্থা করেছিলেন। ভবিষ্যতে এই সেবামূলক কাজের পরিধি আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মিলন রহমান/এসআর/এমএস