ঈদের দিনে ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
শনিবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে উপজেলার কাশিগঞ্জ বাজার সংলগ্ন খিচা বান্ডারির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাসিয়া গ্রামের মো. আব্দুল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২০) ও ময়মনসিংহ সদর উপজেলার বাউন্ডারী রোড এলাকার মো. গোলাম মাওলার মেয়ে রীতি আক্তার (৮)। নিহত দুইজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নেত্রকোনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কাশিগঞ্জ বাজার সংলগ্ন খিচা বান্ডারি মোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী রুবেল মিয়া নিহত হন। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রীতি আক্তারকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর রীতি আক্তার নামে এক শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত আহত অপর দুইজন হাসপাতালের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে একজন রীতির বাবা এবং অন্যজন রীতির ভাই।
এ বিষয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত রুবেল মিয়ার মরদেহ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/এমএস