ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে পাচারের শিকার শিশুসহ ৩৩ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে তাদের ফেরত আনা হয়।
ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি রংপুর, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে ৮ জন নারী ও শিশু এবং ২৫ জন পুরুষ রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেরত আসারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সাজাভোগ শেষে বিভিন্ন সেফ হোমের হেফাজতে ছিলেন তারা। পরে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে ফিরিয়ে আনা হয়।
ফেরত আসা ভুক্তভোগীরা জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করা হয়। দীর্ঘ কষ্টের পর দেশে ফিরে পরিবারের কাছে আসতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কর্মী শফিকুল ইসলাম জানান, দুই বছর আগে উন্নত জীবনের আশায় দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর কেউ কারাগারে, আবার কেউ শেল্টার হোমে দীর্ঘদিন অবস্থান করেন। আইনি জটিলতার কারণে অনেককে প্রায় দুই বছর পর্যন্ত বন্দি জীবন কাটাতে হয়েছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা হোসেন জানান, ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে তারা দেশে ফেরার সুযোগ পেয়েছেন। আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ সংস্থাটি ফেরত আসা এসব বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ থেকে নিজেদের হেফাজতে গ্রহণ করেছে।
মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম