প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার মো. আব্দুস সালামকে চারদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৫ মার্চ রাজধানীর আগারগাঁওয়ের পানির ট্যাংক এলাকা থেকে সালামকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা। পরদিন তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আজ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারি-বেসরকারি দপ্তরে নিয়োগ-বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণায় জড়িত ছিলেন। ঘটনার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ যাচাইয়ের পর তাকে গ্রেফতার করা হয়।
এমডিএএ/একিউএফ