খেলাধুলা

নিষেধাজ্ঞার অবসান, বাংলাদেশে দেখা যাবে আইপিএল

উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে। এই ঘটনার জল গড়িয়েছিল আরও বহুদূর। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) বোর্ড। শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো খেলতে চাইলেও আইসিসি জানিয়ে দেয় খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। শেষ পর্যন্তও বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় আর খেলা হয়নি বিশ্বকাপ।

মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নির্বাচিত সরকার। ফলে বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাংলাদেশে সম্প্রচারে কোনো বাধা নেই।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকবাজকে বলেছিলেন, আগের অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞার পর আইপিএল সম্প্রচার নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে।

ডয়চে ভেলের বরাতে স্বপন বলেন, ‘আইপিএল সম্প্রচারের জন্য আমাদের কাছে কেউ আবেদন করেনি। আমরা খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। বিষয়টিকে আমরা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখব। কোনো চ্যানেল যদি সম্প্রচারের জন্য আবেদন করে, আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব।’

স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বপন ইঙ্গিত দেন, সেটি সম্ভব। তিনি বলেন, ‘আমরা কাউকে সম্প্রচার থেকে বিরত রাখব না। স্টার স্পোর্টস চাইলে তারা সম্প্রচার করতে পারবে। আমাদের কোনো চ্যানেল চাইলে তাও ইতিবাচকভাবে দেখা হবে। তবে আমরা কাউকে জোর করব না।’

বাংলাদেশ কেবল অপারেটরস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক রেজাউল করিম লাবলু বলেন, সরকার থেকে কোনো নির্দেশনা না থাকায় স্টার স্পোর্টসের আইপিএল সম্প্রচারে তারা বাধা দেবে না। তিনি বলেন, ‘স্টার স্পোর্টস যদি বাংলাদেশে আইপিএল সম্প্রচার করে, তারা তা করতে পারবে। কারণ আমাদের কাউকে এটি বন্ধ করতে বলা হয়নি।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সেই নির্দেশনার এখন আর কোনো মূল্য নেই। বর্তমান সরকার যদি আমাদের বন্ধ করতে বলে, তখন আমরা তা করব। কারণ আগের সরকারের নির্দেশনা আর কার্যকর নেই।’

এর আগে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছিল।

আইএন