দুই দশক আগে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন সোহেল মণ্ডল। এরপর নাটক ও সিনেমায় কাজ করলেও ওটিটি প্ল্যাটফর্মে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নতুনভাবে দর্শকের নজরে আসেন তিনি। তবে এবারের ঈদে বড় পর্দায় ভিলেন চরিত্রে হাজির হয়ে যেন নতুন করে চমক দিলেন এই অভিনেতা।
শাহরিন আক্তার প্রযোজিত ‘রাক্ষস’ সিনেমায় দুর্ধষ ভিলেন শায়ান চরিত্রে সোহেলের অভিনয় ও লুক ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিটি মুক্তির পর থেকেই ঢালিউডের নতুন ভিলেন হিসেবে আলোচনায় উঠে এসেছে তার নাম।
দর্শকদের এমন প্রতিক্রিয়ায় দারুণ উচ্ছ্বসিত সোহেল মণ্ডল। ঈদের দিন থেকেই তিনি সিনেমাটির প্রচারণায় হলে হলে ঘুরছেন এবং সরাসরি দর্শকদের ভালোবাসা পাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেকোনো প্রশংসাই ভালো লাগে। আমি খুব আনন্দিত যে দর্শক হলে এসে ‘রাক্ষস’ দেখছেন এবং আমাদের চরিত্রগুলো নিয়ে কথা বলছেন। এটি আমাকে আরও অনুপ্রাণিত করছে।’
ভিলেন চরিত্রে অভিনয়ের প্রস্তুতি সম্পর্কে সোহেল জানান, ফিটনেস নিয়ে আগে থেকেই কাজ করছিলেন তিনি। চরিত্রের প্রস্তাব পাওয়ার পর থেকেই মানসিক প্রস্তুতি শুরু করেন। পাশাপাশি মেকআপ আর্টিস্ট ও কস্টিউম ডিজাইনারদের সহযোগিতাও ছিল গুরুত্বপূর্ণ।
এর আগে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘মুসাফির’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন সোহেল। প্রায় এক দশক পর আবারও বাণিজ্যিক চলচ্চিত্রে ভিলেন হিসেবে ফিরে এলেন তিনি।
সোহেল বলেন, ‘মুসাফির’ ছবির চরিত্রের সঙ্গে ‘রাক্ষস’-এর চরিত্রের কোনো মিল নেই। এই সিনেমার জন্য পুরো কৃতিত্ব আমি নির্মাতা হৃদয়কে দিতে চাই। অনেক দিন ধরেই বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করার অপেক্ষায় ছিলাম। এই সুযোগটি তিনি আমাকে করে দিয়েছেন।’
ভবিষ্যতেও বড় পর্দায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে তিনি জানান, গল্প ও চরিত্র পছন্দ হলে ভিলেন, হিরো কিংবা অন্য যেকোনো চরিত্রেই আবার দর্শকের সামনে হাজির হবেন।
এলআইএ