দেশজুড়ে

শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে

শিগগির ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। শনিবার (২৮ মার্চ) শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বানও জানান তিনি।

শ্রী মনোজ কুমার বলেন, সরকার নির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কোনো ব্যক্তি কাউকে অতিরিক্ত টাকা দেবেন না। নিজেরা ফরম পূরণ করে নিজেরাই টাকা জমা দেবেন। এছাড়া শিগগির ট্যুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসিবে বক্তব্য দেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সৎসঙ্গ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন, সহসভাপতি শ্রী বিকাশ চন্দ্র, শ্রী হিরন্ময় ঘোষ, শ্রী সুদেব কুমার, শ্রী বলাই চন্দ্র সাহা, শ্রী চিত্তরঞ্জন দাশ প্রমুখ।

আলমগীর হোসাইন নাবিল/এনএইচআর