জাতীয়

জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা, শিগগির সমঝোতা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের একটি প্রতিনিধি দল। রোববার (২৯ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারে জাপানি প্রতিনিধি দল, জাপানের ভাষা ও সংস্কৃতি শেখানোর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের তাদের দেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি জানায়, তারা জাপানিজ মাতৃভাষী শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের নিবিড় প্রশিক্ষণ দিতে চান। এর ফলে জাপানে পড়াশোনা বা কাজ করতে ইচ্ছুক বাংলাদেশিরা সেদেশের ভাষা ও সংস্কৃতির সাথে নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে, যা তাদের কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত করবে।

জাপানিজ প্রতিনিধিদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, আমাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে দেশজুড়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত চমৎকার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আপনারা এই অবকাঠামোসমূহ ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতি বিষয়ে দক্ষ করে তুলতে পারেন।

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই জাপান অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় প্রস্তাবিত বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়ের সাথে জাপানি উপযুক্ত কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরএএস/এসএএইচ