ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয়দের জেরুজালেমের ‘চার্চ অব দি হলি স্কালপচার’-এ পাম সানডের প্রার্থনায় অংশ নিতে বাধা দেওয়া হয়েছে বলে ইসরায়েলি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্ক এখন চার্চ অফ দ্য হোলি স্কালপচারে ‘পূর্ণ ও তাৎক্ষণিক প্রবেশাধিকার’ পাবেন।
জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্ক অব জেরুজালেম’ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি পুলিশ চার্চের শীর্ষস্থানীয়দের প্রবেশে বাধা দিয়েছে। এই ঘটনাকে ‘গুরুতর নজির’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, বিশ্বজুড়ে কোটি কোটি খ্রিষ্টান ধর্মাবলম্বীর অনুভূতিকে আঘাত করেছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, শীর্ষ ধর্মীয় নেতা পিয়েরবাতিস্তা পিজ্জাবাল্লাসহ দুজন ব্যক্তিগতভাবে প্রার্থনায় অংশ নিতে যাচ্ছিলেন। সে সময় তাদের চার্চের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এদিকে নেতানিয়াহু বলেছেন, কার্ডিনাল পিয়েরবাতিস্তা পিজাবাল্লার নিরাপত্তার কথা ভেবে তাকে গির্জায় প্রবেশ না করার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, ইরান বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে হামলা চালিয়েছে।
খ্রিষ্টধর্মের সবচেয়ে পবিত্র স্থানে কার্ডিনালকে প্রবেশে বাধা দেওয়ার এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, এটি একটি ‘দুর্ভাগ্যজনক ঘটনা এবং বাড়াবাড়ি’ যা বোঝা বা এর যৌক্তিকতা প্রমাণ করা কঠিন।
গির্জা কর্তৃপক্ষ জানিয়েছে, কার্ডিনাল পিজাবাল্লা এবং রেভারেন্ড ফ্রান্সেস্কো ইয়েলপোকে সেই গির্জার বাইরে থামানো হয়েছে যেটা যিশু খ্রীষ্টের ক্রুশবিদ্ধ হওয়ার স্থান বলে মনে করা হয়। তারা পবিত্র সপ্তাহের সূচনা উপলক্ষে একটি গণপ্রার্থনা অনুষ্ঠানের পরিকল্পনা করছিলেন।
কার্ডিনাল পিজাবাল্লার কার্যালয় জানিয়েছে, পাম সানডেতে একজন লাতিন প্যাট্রিয়ার্ককে এই পবিত্র স্থান থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনা ‘শতাব্দীর মধ্যে এই প্রথম’।
এতে বলা হয়েছে, তিনি এবং রেভারেন্ড ইয়েলপো সেই গির্জা থেকে ফিরে আসতে ‘বাধ্য’ হয়েছেন যেখানে যিশুকেও সমাহিত করা হয়েছিল এবং পরবর্তীতে তিনি পুনরুত্থিত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়।
টিটিএন