খেলাধুলা

হারে শেষ হলো হামজা-শামিতদের এশিয়ান কাপ বাছাই মিশন

দুই ম্যাচ হাতে রেখে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের পর অন্তত ৮ পয়েন্ট নিয়ে মিশন শেষ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। দরকার ছিল শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে জয়। মঙ্গলবার সিঙ্গাপুরে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ লড়াই করেও মাঠ ছেড়েছে ১-০ ব্যবধানের হার নিয়ে।

৩১ মিনিটে হ্যারিস স্টুয়ার্টের গোলে এগিয়ে যায় স্বাগতিক সিঙ্গাপুর। পাল্টা আক্রমণ থেকে বল নিয়ে ঢুকে শট নিয়েছিলেন গ্লেন কুয়ে। গোলরক্ষক মিতুল মারমা বলটি প্রতিরোধ করেছিলেন। তবে ফিরতি বলে স্টুয়ার্টের কোনাকুনি শট ফেরানোর উপায় ছিল না বাংলাদেশ গোলরক্ষকের।

৩৯ মিনিটে বাম দিক দিয়ে বাংলাদেশের একটা সংঘবদ্ধ আক্রমণ ছিল। বক্সে মোরসালিন শট নিতে গিয়ে বাধা পেয়ে পড়েও গিয়েছিলেন। পেনাল্টির জোরালো দাবি ছিল। তবে রেফারি সেই দাবিতে কর্ণপাত করেননি।

৮০ মিনিটে বাংলাদেশকে গোলবঞ্চিত করে গোলপোস্ট। ডান দিক থেকে হামজা চৌধুরী দুর্দান্ত একটা ক্রস নিয়েছিলেন। বদলি মিরাজুল বল-পায়ে সংযোগ ঘটালেও বল ফিরে আসে পোস্টে লেগে।

৮২ মিনিটে থ্রো থেকে সিঙ্গাপুরের বক্সে বেশ কিছুক্ষণ বল ঘুরতে থাকে। সাদ উদ্দিন, শামিতরা কেউই ঠিকমতো শট নিতে পারেননি। সিঙ্গাপুরের ডিফেন্ডার বল ক্লিয়ার করলে বাংলাদেশের আরো একটি সুযোগ হাতছাড়া হয়।

ঢাকার ম্যাচের মতো সিঙ্গাপুরেও বাংলাদেশ শেষ দিকে ডমিনেট করে খেলেছে। তবে ওই যে গোল করার মতো দক্ষ কোনো স্টাইকার না থাকার কারণে খিসারত দিতে হয়েছে। হামজা চৌধুরী আপ্রাণ চেষ্টা করেছিলেন মাঠের সব জায়গায় বিচরণ করে একটা ইতিবাচক ফল নিয়ে আসতে। বাংলাদেশ মাঝ মাঠ থেকে ওপরে বারবার বলের যোগ দিতে পাারলেও অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়েছেন।

পাঁচ পাঁচটি পরিবর্তন এনেছিলেন হ্যাভিয়ের ক্যাবরেরা। ফ্রেশলেগ হিসেবে বিশ্বনাথ ঘোষ, কাজেম শাহ, মিরাজুল, শাহরিয়ার ইমন ও রহমত মিয়াকে দিয়ে ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টা করেছিলেন ক্যাবরার। তবে পারা যায়নি। আগেই এশিয়ান কাপে খেলার টিকিট নিশ্চিত করা সিঙ্গাপুর প্রথমার্ধে করা গোলটি ধরে রেখে দারুণ একটি মিশন শেষ করলো। সিঙ্গাপুর ১৪ পয়েন্ট নিয়ে শেষ করলে সফল মিশন। বাংলাদেশের পয়েন্ট ৬ ম্যাচে ৫। অবস্থানের পরিবর্তন হয়নি, তিনে থেকে শেষ হলো এশিয়ান কাপ বাছাইয়ের আরো একটি ব্যর্থ মিশন।

গত বছর ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে এশিয়ান কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। এক বছর ৬ দিন পর মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে। এবারের এশিয়ান কাপ বাছাইয়ের মিশনে বাংলাদেশ প্রথমবার অ্যাওয়ে ম্যাচ হারলো। আগের দুটি অ্যাওয়ে ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ও হংকংয়ের ১-১ গোলে ড্র হয়েছিল।

বাংলাদেশমিতুল মারমা, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, তারিক কাজী, জায়ান আহমেদ (রহমত মিয়া), সাদ উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম (ইমন), ফাহামিদুল ইসলাম (মিরাজুল), সোহেল রানা (কাজেম শাহ), শামিত সোম ও শেখ মোরসালিন (বিশ্বনাথ)।

আরআই/আইএইচএস