দেশজুড়ে

সীমান্তে আটকের ১১ মাস পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো ভারত

ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তে আটকের ১১ মাস পর আজিজুর রহমান (৪৫) নামে এক বাংলাদেশি দিনমজুরের মরদেহ ফেরত দিয়েছে ভারত। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের পর পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে মরদেহটি ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সীমান্তে ঘাস কাটতে গেলে প্রায় ১১ মাস আগে আজিজুর রহমানকে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ। গত ২২ মার্চ ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার তার ভাতিজা সোহেল রানার নিকট মরদেহ হস্তান্তর করা হয়।

আজিজুর রহমান ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা। তার দুই মেয়ে ও একজন মানসিক প্রতিবন্ধী ছেলে রয়েছে।

পারিবারিক ও বিজিবি সূত্র জানায়, গত বছরের ১৩ মে ঠাকুরগাঁওয়ের ভারতীয় শাহানাবাদ সীমান্তের ৩৭৩ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের কাছে ঘাস কাটতে গেলে আজিজুরকে ধরে নিয়ে যায় ভারতের ১৮৪ আমবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

আজিজুরের স্ত্রী তাছকারা বেগমের অভিযোগ, আটকের পর আজিজুরের ওপর নির্যাতন চালায় বিএসএফ। গুরুতর অসুস্থ অবস্থায় দীর্ঘ ১১ মাস ভারতের কারাগার ও হাসপাতালে কাটানোর পর গত সপ্তাহে তার মৃত্যু হয়েছে বলে জেনেছি।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস মরদেহ ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মরদেহ হস্তান্তরের খবরটি বিজিবি গোপন রেখেছিল। কোনো গণমাধ্যমকর্মীকে আনুষ্ঠানিক জানানো হয়নি।

সফিকুল আলম/এমএন/এএসএম