দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে অনিশ্চয়তা তৈরি রয়েছে। গত বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে বোর্ড ও ক্লাব। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গত ৬ মাস ধরেই ঘরোয়া ক্রিকেট বয়কট করে আছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। এই অচলাবস্থা নিরসনে আগামী ৮ এপ্রিল ঢাকার সকল ক্লাবকে নিয়ে একটি বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে সিসিডিএম। মিরপুরে অনুষ্ঠিতব্য এই সভার মাধ্যমেই লিগ আয়োজনের চূড়ান্ত পথে হাঁটতে চায় বোর্ড।
আজ শুক্রবার বিসিবি পরিচালক মোকছেদুল কামাল বাবু লিগ আয়োজনের বিষয়ে বোর্ডের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন। ক্লাবগুলোকে ক্রিকেটের স্বার্থে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিসিবি তো চাচ্ছে যে প্রিমিয়ার লিগসহ সমস্ত লিগই হোক। আমরা কিন্তু চেষ্টাও করেছি প্রত্যেকটা ক্লাবের সাথে বসার জন্য। আমার দিক থেকে আমি ক্লাবগুলোকে আহ্বান জানাব যে, সমালোচনা চলুক, প্রতিযোগিতা চলুক কিন্তু ক্রিকেট বন্ধ না হোক।’
বোর্ডের ওপর ক্লাবগুলোর কোনো অভিযোগ থাকলে তা খেলা বন্ধ না করে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়ে বাবু আরও বলেন, ‘বিসিবির ওপরে, বোর্ডের ওপরে তাদের কোনো অভিমান থাকতে পারে, অভিযোগ থাকতে পারে। কিন্তু সেটা খেলা বন্ধ করে না। খেলা চালু অবস্থাতেই কিন্তু সে অভিযোগগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, কথা বলতে পারি, অনেক কিছুই হতে পারে। আমি আশাবাদী যে আগের চাইতে এখন বোধহয় পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে।’
ক্লাবগুলো যাতে স্বেচ্ছায় লিগে অংশগ্রহণ করে, সেই আশা প্রকাশ করে এই পরিচালক বলেন, ‘আমি আসলে যেটা খুব মনেপ্রাণে চাই যে প্রত্যেকটা ক্লাবই এখানে অংশগ্রহণ করুক। কারণ ক্লাবগুলো তো ক্রিকেটের বিরুদ্ধে না। আপনি যদি খেলতে না আসেন, তাহলে তো আসলে জোর করে নিয়ে আসা যাবে না কাউকে। আমার কাছে মনে হয় যে, প্রত্যেকটা লিগের ক্ষেত্রে বিসিবি খুবই আন্তরিক এবং এই লিগগুলো হোক সেটা আমরা চাই।’
এসকেডি/এমএমআর