দেশজুড়ে

চাঁদাবাজিতে বাধা, ছাত্রদল নেতার বাড়িতে নিজ দলের নেতাকর্মীদের আগুন

ফেনী সদর উপজেলায় চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তর ফতেহপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম সাইফুদ্দিন শিবলু। তিনি শর্শদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং ফেনী আলীয়া মাদরাসা ছাত্রদলের আহ্বায়ক।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় একটি ইটভাটায় মাটি পরিবহনকে কেন্দ্র করে অভিযুক্তরা মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। শিবলু এতে বাধা দিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সমবায় বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আরফান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মীর মোশাররফ হোসেন রিয়াদ এবং যুবদল নেতা মানিক অপুর নেতৃত্বে একদল সশস্ত্র ক্যাডার শুক্রবার সকাল থেকেই দফায় দফায় হামলা চালায়। সবশেষ শুক্রবার রাতে তারা পেট্রোল ঢেলে শিবলুর বসতঘর ও পাকা ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অভিযোগের বিষয়ে জানতে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সমবায় বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আরফানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শর্শদী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং পাশের ঘরের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

ফেনীর সহকারী পুলিশ সুপার নিশাত তাবাচ্ছুম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/এএসএম