বিনোদন

বিতর্কে শাকিব খানের ‘প্রিন্স’, লোকসানের দায় প্রযোজককেই নেয়ার দাবি

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমাকে ঘিরে সৃষ্টি হওয়া জটিলতায় ক্ষতির মুখে পড়েছেন দেশের বহু হলমালিক। সার্ভার সমস্যার কারণে ঈদের দিন অনেক প্রেক্ষাগৃহে টিকিট বিক্রি হলেও সিনেমা প্রদর্শন করা সম্ভব হয়নি। এতে ক্ষুব্ধ দর্শকদের ভাঙচুরে আরও ক্ষতির সম্মুখীন হন প্রদর্শকরা।

এই পরিস্থিতি নিয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির এক সভায় স্পষ্টভাবে জানানো হয়েছে, হলমালিকদের আর্থিক ক্ষতির দায় ‘প্রিন্স’-এর প্রযোজককেই নিতে হবে। সে সভায় নিজে উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক শিরিন সুলতানা। আরও ছিলেন প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল।

সভায় আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ক্ষতির যথাযথ সমাধান প্রযোজকের পক্ষ থেকেই আসতে হবে। পাশাপাশি এই ঘটনার প্রকৃত কারণও পরিষ্কারভাবে জানাতে হবে, সমস্যাটি পরিবেশনা, সার্ভার বা অন্য কোনো জায়গা থেকে তৈরি হয়েছে কিনা, তা নির্ধারণের ওপরই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে।সভায় উপস্থিত ছিলেন ‘প্রিন্স’ ছবির প্রযোজক শিরিন সুলতানা ও প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল।

এদিকে সিনেমাটির মুক্তি ও প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, সুপারস্টার শাকিব খানের মতো একজন তারকার সিনেমার শুটিং যদি ঈদের আগের দিন পর্যন্ত চলতে থাকে, তবে সেটির যথাযথ মান নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের সুপারস্টার। একটি সিনেমার শুটিং যদি ঈদের আগের দিন হয় তাহলে সুপারস্টারের সিনেমা কীভাবে দেশের মানুষ দেখবে। প্রিন্স নিয়ে শাকিব খান নিজের ভুল স্বীকার না করলে তার বিরুদ্ধেও সিদ্ধান্ত নেওয়া হতো। তিনি যেহেতু সবচেয়ে বেশি টাকা নিয়ে যান, তার উচিত সবার আগে সিনেমাটি পরীক্ষা-নিরীক্ষা করা। তা না হলে সিনেমা রিলিজ দেওয়ার দরকার নেই।’

প্রদর্শক সমিতি ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে কয়েকটি প্রস্তাবও দিয়েছে। এর মধ্যে রয়েছে, সিনেমার সার্ভার ব্যবস্থাপনাকে সরকারি তত্ত্বাবধানে আনা এবং ঈদে মুক্তির ক্ষেত্রে অন্তত ১৫ দিন আগে চলচ্চিত্র সেন্সরে জমা দেওয়ার বাধ্যবাধকতা।

অন্যদিকে, অসম্পূর্ণ অবস্থায় ‌‘প্রিন্স’ সিনেমা সেন্সর ছাড়পত্র পেল কীভাবে এ নিয়েও আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড প্রযোজকের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

সব মিলিয়ে ‘প্রিন্স’ সিনেমাকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি দেশের চলচ্চিত্র শিল্পে নতুন করে শৃঙ্খলা ও পরিকল্পনার প্রয়োজনীয়তা সামনে এনে দিয়েছে।

 

এলআইএ